প্রিন্ট এর তারিখঃ May 31, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 31, 2026 ইং
বোয়ালখালীতে যুবকের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রামের বোয়ালখালীতে ইমরান হোসেন (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩০ মে) দিবাগত রাত পৌনে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ইমরানকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ইমরান বোয়ালখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আইসক্রিম ফ্যাক্টরি রোড আসকর পাড়ার মৃত বজল করিমের ছেলে। তার স্ত্রী ও এক বছর বয়সী এক সন্তান রয়েছে।
নিহতের ভাই মো. ইমন হোসেন জানান, শনিবার রাত সাড়ে ৮টায় ঘরের দরজা বন্ধ দেখে টিনের বেড়ার ফাঁক দিয়ে উঁকি দিলে দেখা যায় ঘরে সিলিংয়ের সাথে গলায় গামছা পেঁচানো অবস্থায় ইমরান ঝুলছে। পরে বেড়া কেটে ইমরানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করানো হয়।
ইমনের দাবি- তার ভাই ইমরান মানসিক ভারসাম্যহীন ছিলো।
বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল রানা বলেন, ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট